সিরিয়ায় সেনা পাঠানোর দুঃসাহস দেখাবে না সৌদি: ইরান

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৫২
যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় স্থল সেনা পাঠানোর দুঃসাহস দেখাবে না বলে মনে করে ইরান। দেশটির এলিট রেভলিউশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল আলি জাফরি শনিবার এমন মন্তব্য করেছেন।
 
রেভলিউশনারি গার্ডের প্রধান বলেন, 'আমার মনে হয়না তারা সেখানে যাওয়ার সাহস দেখাবে... আর তারা যদি এমনটা করে তবে তা হবে নিজেই নিজের মৃত্যু ডেকে আনার সামিল।'
 
তিনি আরো বলেন, 'সৌদি আরব ভেবেছিল অর্থ দিয়েই সিরিয়ায় তারা নিয়ন্ত্রণ আরোপ করবে তবে সাম্প্রতিক সরকারি বাহিনীর প্রতিরোধ তাদের সব হিসাব ওলটপালট করে দিয়েছে।'
 
এর আগে সৌদি আরব জানিয়েছিল, ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান পরিচালনা করতে প্রস্তুত সৌদি সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র চাইলে সৌদি সেনারা সিরিয়ায় যাবে বলেও জানায় ইরানের চির প্রতিদ্বন্দ্বী দেশটি। সূত্র: এএফপি