হাঁটার আগেই স্নোবোর্ডে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ০২:৩৭
কথায় আছে, হাঁটতে না জানলে দৌঁড়াতে যাওয়া উচিত না। তবে কেউ তো আর বলেনি যে হাঁটতে না জানলে স্নোবোর্ডিং করতে যেও না। ১৪ মাস বয়সী স্লোয়ান হেন্ডারসন এখনো হাঁটতে শেখেনি। কোন রকমে উঠে দাঁড়াতে শিখেছে মাত্র। হাঁটতে না পারলেও এই বয়সে বরফের ঢালে স্নোবোর্ডিং করে অনলাইন দুনিয়ায় দারুণ হৈচৈ ফেলে দিয়েছে স্লোয়ান। কথা বলতে পারলে বড়দের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও দিতে পারতো স্লোয়ান। তবে বিনয়ী স্লোয়ান কারো প্রতি চ্যালেঞ্জ না ছুঁড়ে বরং বেশ খুশি মনে বরফের ঢালে স্নোবোর্ডিং করেছে।
 

বাবাকে হাই ডাইভ  দিয়ে স্নোবোর্ডিং শুরু করার পর থেকে মুচকি হাসছিলো স্লোয়ান। স্নোবোর্ডিং শেষও করলো বাবাকে হাই ফাইভ দিয়ে। এইটুকু বাচ্চার এমন কীর্তির ভিডিওটি ফেসবুকে শেয়ার করতে কার্পণ্য করেননি তার বাবা-মা। আর এটি ফেসবুকে দেয়ার পর থেকে সাত লাখের বেশি বার দেখা হয়ে গেছে, শেয়ার হয়েছে কয়েক হাজার বার। অনেকেই করেছেন মজার সব কমেন্ট।-মিরর