বিশ্বসেরা প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটে ইন্টার্নশিপ করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের এই প্রথম শিক্ষানবিশ কর্মী হিসেবে কাজ করার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
প্রাথমিকভাবে এই বছরের মার্চ ও এপ্রিলে বিজ্ঞান-প্রযুক্তি, প্রকৌশল এবং ব্যবসায় প্রশাসন বিভাগে পড়াশোনা করা ৫০ জন শিক্ষার্থী এই সুযোগ পাবে। একই সংখ্যক শিক্ষার্থী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে। এরপর আগামী মে মাস থেকে প্রতি মাসে ২৫ জন ইন্টার্ন ও ২৫ জন করে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নেবে মাইক্রোসফট বাংলাদেশ। এই সুযোগ গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে এই লিংকে গিয়ে http://youngbangla.org/en/microsoft-inte/
সিআরআই কর্তৃক পরিচালিত তরুণদের জন্য বৃহত্তম প্ল্যাটফর্ম ইয়াং বাংলা ইন্টার্নশিপের জন্য তাদের বিদ্যমান প্রচারণার অংশ হিসেবে ফিনিক্স বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় এই সুযোগ সৃষ্টি করেছে। সংস্থাটি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং আইসিটি ডিভিশনে মেধাবী শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি করেছে।
