প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০০
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘সর্বোচ্চ গুরুত্ব’দিয়ে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় নতুন হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
 
রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন হর্ষ বর্ধন। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
 
নয়াদিল্লিতে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সব ক্ষেত্রে শেখ হাসিনা সরকারকে সমর্থন দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন হাই কমিশনার তা আবারো উল্লেখ করেন।
 
প্রেস সচিব জানান, ভারতের হাই কমিশনার গত সাত বছরে বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন ও আর্থিক প্রবৃদ্ধির কথা তুলে ধরে এ সাফল্যকে ‘অসাধারণ’ হিসেবে অভিহিত করেন।
 
বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে যে লক্ষ্য আওয়ামী লীগ সরকার নির্ধারণ করেছে তা ‘অর্জনযোগ্য’বলেও মন্তব্য করেন হর্ষ বর্ধন।
 
বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা তুলে ধরেন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে যেসব রেল রুট চালু ছিল তা আবার চালু করার ওপর গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা। তিনি ভারতের পার্লামেন্টে স্থল সীমান্ত চুক্তি সর্বসম্মতভাবে অনুসর্থন করায় ধন্যবাদ জানান।
 
আঞ্চলিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে সৈয়দপুর বিমানবন্দরকে ‘মুক্ত’করে দেয়ার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এছাড়া দারিদ্র বিমোচনে আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
 
ভারতের হাই কমিশনার দুই দেশের মধ্যে যাত্রী চলাচল ও পণ্য পরিবহন আরো সহজ করতে সীমান্তে চেকপোস্ট বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’হিন্দিসহ অন্যান্য ভারতীয় ভাষায় অনুবাদ করা হবে বলে জানান তিনি।
 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, মুখ্য সচিব আবুল কালাম আজাদ এসময় উপস্থিত ছিলেন।