স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পাকিস্তান দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ না করলে তাদের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়ে চিন্তা করা হবে।
কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, দেশে যখন মুক্তিযুদ্ধের চেতনার নব উত্থান হয়েছে তখন যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তানের পার্লামেন্টের বক্তব্য দেশের অভ্যন্তরীন রাজনীতিতে হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। ১৯৫ পাকিস্তানী যুদ্ধাপরাধী সামরিক কর্মকর্তাদের বিচার না করে পাকিস্তান শিমলা চুক্তি লংঘন করেছে উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে সার্কের আলোচনায় পাকিস্তানের এ ধৃষ্টতাপূর্ণ আচারণকে তুলে ধরতে হবে।
রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া মহান মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে দৃষ্টতাপূর্ণ বক্তব্য দেয়ার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। আগামী ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের দৃষ্টতাপূর্ণ আচারণের জন্য বিকেল চারটায় রাজধানীতে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। এতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দলের এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের লাখ লাখ নেতা-কর্মী অংশ গ্রহণ করবে। এ কর্মসূচি পরবর্তীতে জেলা ও উপজেলা পর্যায়েও পালন করা হবে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুস সাত্তার, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য আমিনুল ইসলাম আমিনসহ কেন্দ্রীয় ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
