নিউইয়র্কে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে : রাশেদ খান

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ২১:২৫
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, শীতকালীন সময়সূচি থেকে নিউইয়র্কে বিমানের ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। তিনি রবিবার সংসদে সরকারি দলের মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ফেডারেল এ্যাভিয়েশন এডমিনিস্ট্রেশন (এফএএ), ইউএসএ-এর সেফটি অডিট অনুযায়ী বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) বর্তমানে ক্যাটাগরি-২-এর আওতাভুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই মুহূর্তে বিমানের ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
 
তিনি বলেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ক্যাটাগরি-১-এ উন্নীত হওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত আছে। ইতোমধ্যে সিএএবি সিগনিফিসেন্ট সেফটি কনসার্ন (এসএসসি)-এর প্রতিবন্ধকতা থেকে উত্তীর্ণ হয়েছে।
 
তিনি বলেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ক্যাটাগরি-১-এ উন্নীত হওয়া এবং বাণিজ্যিক সম্ভাব্যতা সাপেক্ষে ২০১৬ সালের শীতকালীন সময়সূচি থেকে নিউইয়র্কে বিমানের ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।