ঢাকার কেরানীগঞ্জের শিশু আব্দুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার মেহেদী হাসান শামীম ও খোরশেদ আলম দোষ স্বীকার করে বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন।
জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে থাকা এই দুজন রবিবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহীনুল ইসলামের খাস কামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জবানবন্দি নেয়ার পর তাদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতে পুলিশের প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা পরিদর্শক মো. আসাদুজ্জামান।
শিশু আব্দুল্লাহ হত্যা মামলায় গ্রেফতারদের মধ্যে গত ৩ ফেব্রুয়ারি শামীমকে সাত দিন এবং খোরশেদকে পাঁচ দিনের রিমান্ডের অনুমতি পেয়েছিল পুলিশ।
আসাদুজ্জামান বলেন, এই দুজন নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করার পাশাপাশি হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে মোতাহারের নাম বলেছেন। গ্রেফতার অন্য দুজন আল আমিন মাহমুদ ও নীতু আক্তারকেও একই দিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ এখনও চলছে।
গত ২৯ জানুয়ারি দুপুরে খাবার খাওয়ার পর নিখোঁজ আব্দুল্লার লাশ কয়েকদিন পর প্রতিবেশী মোতাহার হোসেনের বাড়ির একটি ড্রামে গলিত অবস্থায় পাওয়া যায়।
আব্দুল্লাহর বাবা বাদল মিয়ার অভিযোগ, জালটাকা তৈরির কারখানা দেখে ফেলায় তার চাচা মোতাহার শিশু আব্দুল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করে।
