তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান বলেছেন, প্রয়োজন হলে সিরিয়ার হাজার হাজার শরণার্থীর জন্য সীমান্ত খুলে দিতে তার দেশ প্রস্তুত রয়েছে।
ইতিমধ্যে সীমান্তে জড়ো হওয়া সিরীয়দের জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছে আঙ্কারা। দাতব্য সংস্থাগুলো সেখানকার পরিস্থিতিকে 'অমানবিক' আখ্যা দিয়ে সীমান্ত খুলে দিতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে।
রাশিয়ার বিমান হামলার সহায়তায় সরকারি বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে গত শুক্রবার থেকে ব্যাপক অভিযান চালাচ্ছে। আর এ অভিযান থেকে বাঁচতে হাজার হাজার সিরীয় শরণার্থী তুরস্ক সীমান্তে পালিয়ে এসেছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু।
শনিবার সেনেগাল থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের এরদোগান বলেন, সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর একটি অংশ অবরুদ্ধ করে রেখেছে। তিনি বলেন, তারা যদি আমাদের দরজায় এসে পৌঁছায় এবং তাদের আর কোন উপায় না থাকলে প্রয়োজন হলে আমাদের ভাইদের জন্য দরজা খুলে দেয়া হবে।
তুরস্কের সীমান্তবর্তী প্রদেশ কিলিসের গভর্নর সুলেইমান তাপসিজ শনিবার বলেন, গত ৪৮ ঘণ্টায় সীমান্ত এলাকায় আসা ৩০ থেকে ৩৫ হাজার শরণার্থীকে সহায়তা দিয়েছে তুরস্ক। দেশটিতে ইতিমধ্যে ২০ থেকে ২৫ লাখ সিরীয় শরণার্থী আশ্রয় নিয়েছে। সূত্র: এএফপি
