সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত নদী ইছামতি থেকে আলী বাদশা নামে নিখোঁজ এক বাংলাদেশি গরু রাখালের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার টাউনশ্রীপুর স্লুইচগেট এলাকায় ইছামতি নদী থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। তিনি দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর গ্রামের বাবর আলীর ছেলে।
দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) রেজা জানান, আলী বাদশা গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন। সোমবার বিকেলে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে তার মৃতদেহটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তবে তার পরিবারের অভিযোগ, আলী বাদশাকে ধরে নির্যাতনের পর ইছামতি নদীতে ফেলে দেয় বিএসএফ। এর পর তার মৃত্যু হয়।
