মামলার বিষয়ে আমি কিছুই জানি না: ঈশানা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:২৪
 
একাধিক খণ্ড নাটক ও ধারাবাহিক নিয়ে ব্যস্ত মডেল অভিনেত্রী ঈশানা। এর বাইরে মাঝে মাঝেই দেখা যায় বিজ্ঞাপনে। ধারাবাহিক না খণ্ড নাটক নিজের পছন্দের বিষয় কোনটা, এমন প্রশ্নে ইশানা বলেন, ‘আমি একজন অভিনেত্রী, অভিনয়টাই আমার কাছে গুরুত্বপূর্ণ। সেটা খণ্ড নাটক বা ধারাবাহিক  যেটাতেই হোক। আমি দুটোতেই স্বচ্ছন্দে কাজ করতে পছন্দ করি। এক্ষেত্রে একটা বিষয় আমি খেয়াল রাখা চেষ্টা করি, তা হচ্ছে গল্পের মান ও আমার চরিত্রের গভীরতা। এই দুটি বিষয় ঠিক থাকলে আমি সেখানে কাজ করি।’
 
বিশেষ দিনের খণ্ড নাটক ছাড়াও মাঝে মধ্যেই একাধিক খণ্ড নাটক ও টেলিছবিতেও দেখা যায় ঈশানাকে। এছাড়া বিজ্ঞাপন নির্মাতাদের অনেকটা নির্ভরযোগ্য ইশানা। চিত্র নায়ক রিয়াজ ও বাংলাদেশ একদিনের ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।
 
সম্প্রতি একজন নাট্য প্রযোজকের সাথে শুটিংস্পটে একটি সমস্যায় জড়িয়ে পড়েন ঈশানা। যা মামলা পর্যন্ত গড়ায়। কিন্তু মামলা বিষয়টি ভিত্তিহীন দাবি করে ঈশানা বলেন, ‘মামলার বিষয়ে আমি কিছুই জানি না। এমন কোনো নোটিশ আমার কাছে আসেনি।’