কম্বোডিয়ায় পরিত্যক্ত একটি গ্রেনেড বিস্ফোরণে দুই শিশু মারা গেছে। একটি কুঠার দিয়ে গ্রেনেডটি খোলার সময় এটি বিস্ফোরিত হয়।সোমবার একথা জানায় দেশটির পুলিশ।
শিশু দুজনের বয়স ১২ বছর ও ১৪ বছর।
স্থানীয় কমিউন পুলিশের প্রধান পেন সাম ওথ বলেন, শিশু দুটির বাড়ি মধ্যাঞ্চলীয় কাম্পোং থোম প্রদেশে। তারা বাড়ির কাছেই বুনো পাখি শিকারের সময় শুক্রবার ওই অবিস্ফোরিত গ্রেনেডটি দেখতে পায়।
তিনি আরো বলেন, ‘ওই শিশুরা একটি কুঠারের সাহায্যে পুরনো ওই গ্রেনেডটি খোলার চেষ্টা করলে এটি বিস্ফোরিত হয়। এতে তারা দুজনই ঘটনাস্থলে নিহত হয়। তবে তৃতীয় ছেলেটি এই ঘটনায় অক্ষত রয়েছে। সে পুলিশ ও স্থানীয়দের খবর দেয়।
দেশটির কর্তৃপক্ষ অবিস্ফোরিত কয়েক লাখ মাইন অপসারণে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও প্রায়ই বিস্ফোরকগুলো বিস্ফোরিত হয়ে শিশুরা মারা যায়। এই জিনিষগুলো কতটা বিপজ্জন হতে পারে সে সম্পর্কে শিশুরা অবগত নয়।
১৯৬০ এর দশক থেকে প্রায় তিন দশক ধরে কম্বোডিয়ায় গৃহযুদ্ধ চলে। এ সময়ে দারিদ্র্য পীড়িত দেশটিতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বোমা ফেলা হয়েছিল ও মাইন পাতা হয়েছিল। ১৯৭৯ সাল থেকে দেশটিতে এই অবিস্ফোরিত মাইনগুলো বিস্ফোরণে প্রায় ২০ হাজার লোকের প্রাণহানি ও এর দ্বিগুণ সংখ্যক লোক আহত হয়। এএফপি
