মাঝে অনেকদিন বড়পর্দার ব্যস্ততার পর আবারও ছোটপর্দায় ফিরেছেন এক সময় নাটকের নিয়মিত মুখ ইমন। তবে শুধু বিশেষ দিবসেই তাকে দেখা যাবে ছোটপর্দায়, এমনটাই জানান তিনি। এবার ভালোবাসা দিবসে ইমন-তিশা জুটির একটি বিশেষ নাটক দেখতে পাবেন দর্শক। পর্দায় এটিই তাদের প্রথম রসায়ন।
নাটকের শিরোনাম ‘গল্পের রঙ নীল’। রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। নাটকটি প্রচার হবে ভালোবাসা দিবসে এনটিভিতে। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন তানসুভা তিশা, মাহমুদ সাজ্জাদ, কাজী উজ্জ্বল ও আনন্দ খালেদ।
নাটকটি প্রসঙ্গে ইমন বলেন, ‘গল্পটি অসম্ভব সুন্দর। ভালোবাসা দিবসের জন্য একেবারে অন্যরকম। তাই অভিনয় করেছি। আর তিশার সঙ্গে এটাই আমার প্রথম অভিনয়। নির্মাণও সুন্দরভাবে হয়েছে। সব মিলিয়ে বেশ জমজমাট প্রেমের নাটক তৈরি হয়েছে। আর এখন থেকে বড়পর্দার পাশাপাশি বিশেষ দিবসগুলোতে চেষ্টা করবো ছোটপর্দায় কাজ করতে। তবে অবশ্যই গল্পের দিকে নজর দেবো। গল্পে ভিন্নতা থাকলেই কাজ করবো।’
অন্যদিকে নাটকটি নিয়ে তিশা বলেন, ‘অদ্ভুত সুন্দর একটি প্রেমের গল্পের নাটক এটি। প্রচুর সুন্দর সুন্দর প্রেমের মুহূর্ত আছে। অন্যদিকে ইমনের সঙ্গেও প্রথম অভিনয়। আশা করি বেশ প্রাণবন্ত এবং উপভোগ্য একটি প্রেমের নাটক দেখতে পাবে দর্শক।’
