হাইতির প্রেসিডেন্টের মেয়াদ শেষে তার স্থলাভিষিক্ত কে হবেন এ নিয়ে অনিশ্চয়তার মাঝেই প্রেসিডেন্ট মাইকেল মার্টেলি পদত্যাগ করেছেন।
দেশটির অন্তর্বর্তীকালীন নেতা মনোনয়নে সর্বশেষ চুক্তিকে চ্যালেঞ্জ করেছে বিরোধী দলগুলো। ক্ষমতার শূন্যতা পূরণে শেষ মুহূর্তে একটি চুক্তি করা হয়। প্রেসিডেন্ট মার্টেলি বলেন, জানুয়ারির নির্বাচন স্থগিত করা ছিল একটি পরিতাপের বিষয়। আগামী ২৪ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ চুক্তি অনুয়ায়ী হাইতির পার্লামেন্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার প্রধান নির্বাচন করবে। আইন অনুযায়ী প্রেসিডেন্ট মাইকেল পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে প্রেসিডেন্ট প্রার্থী জোভেনেল ময়েজ এর প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। গত নভেম্বরের প্রথম ধাপের নির্বাচনে ময়েজ জয়ী হন।
বিরোধী দলীয় নেতা জুড সেলেস্টিন নভেম্বরের নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করেছে। তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন এবং রানঅফ ভোটকে বর্জনের আহবান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী ইভান্স পল সকল পক্ষকে শান্ত হতে আহবান জানিয়েছেন। পার্লামেন্ট তাকে না সরালে ইভান্স পল তার দায়িত্ব পালন করে যাবেন। গত শুক্রবার রাজধানী পোর্ট অ প্রিন্সে রাজনৈতিক সংঘর্ষে একজন মারা যান।
