‘কক্ষপথে উত্তর কোরিয়ার উপগ্রহ’

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৩
উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা কৃত্রিম উপগ্রহ নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছে বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে উত্তর কোরিয়া জানিয়েছিল, তারা কুয়াংমিয়ংসং-৪ নামের যোগাযোগ উপগ্রহ সম্পূর্ণ সফলতার সঙ্গে কক্ষপথে স্থাপন করতে সক্ষম হয়েছে।
 
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই উৎক্ষেপণে এটা নিশ্চিত হওয়া গেছে উত্তর কোরিয়ার কাছে ১২ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে।
 
উত্তর কোরিয়ার এই উদ্যোগ প্রতিপক্ষ দেশগুলোর কাছে সমালোচিত হয়েছে। দেশটির উপর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। মনে করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত পারমাণবিক বোমা বহন করে নিয়ে যেতে সক্ষম ক্ষেপণাস্ত্র উদ্ভাবনের চেষ্টা করছে উত্তর কোরিয়া।
 
এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রবিবার উত্তর কোরিয়ার কৃত্রিম উপগ্রহ স্থাপনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দেশটির উপর আরো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দেয়া হয়। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার উপর আরো বেশ কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে যা দেশটিকে বিশ্ব থেকে আরো বিচ্ছিন্ন করে দেবে। 
 
এদিকে উত্তর কোরিয়া জানিয়েছে, তাদের মহাশূন্য কর্মসূচি সম্পূর্ণ বৈজ্ঞানিক উদ্দেশ্যে পরিচালিত। তবে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এমনকি উত্তর কোরিয়ার মিত্র চীনও অভিযোগ করে বলেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উদ্দেশ্যে পরিচালিত। বিবিসি।