একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলা

মীর কাশেম আলীর আপিল শুনানি শুরু

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১০:২৫
 
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়।
 
বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান।
 
এর আগে গত ২ ফেব্রুয়ারি আপিল শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করে আদালত।
 
আসামিপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাহজাহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে আছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
 
২০১৪ সালের ২ নভেম্বর কাসেম আলীকে মৃত্যুদন্ডাদেষ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে একই বছরের ৩০ নভেম্বর আপিল করেন তিনি।