বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন ব্যবহারকারীদের সংখ্যাই অধিক। এতে এই প্ল্যাটফর্মের জন্য আনা অ্যাপ জনপ্রিয়তা পায় বেশি। আর সেজন্য অ্যান্ড্রয়েড অ্যাপে মনোযোগ বাড়াতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধান নির্বাহী টিম কুক এমনই আভাস দেন।
অ্যাপল মিউজিক বেটা সংস্করণ ব্যবহার করার কথা উল্লেখ করে তিনি জানান, মূলত অন্য প্ল্যাটফর্মে অ্যাপলের সেবা সম্প্রসারণ ও এর অভিজ্ঞতা কেমন হতে পারে তার জন্য এই সেবা ব্যবহার করছেন তিনি।
অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য বর্তমানে ‘অ্যাপল মিউজিক’ ও ‘মুভ টু আইওএস’ নামের অ্যাপলের দুটি অ্যাপ চালু আছে। এই অ্যাপ দুটি গ্রাহকপ্রিয়তা পাওয়ায় অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের আরও বেশি সেবা দেয়ার কথা ভাবছে অ্যাপল।
অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অ্যাপল পরবর্তী যে অ্যাপটি আনতে পারে সেটি হলো ‘আইমেসেজ’। এছাড়াও অ্যাপল ম্যাপ, মুভির আইটিউন ক্যাটালগ টেলিভিশন শো বা আইবুক প্লাটফর্মও চালু করা যেতে পারে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য।
