ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী থেকে নিজেদের বোমারু বিমানগুলো সরিয়ে নেবে কানাডা। সোমবার দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জোট বাহিনীর বহরে থাকা কানাডার ছয়টি বোমারু বিমান প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
গত অক্টোবরে কানাডার জাতীয় নির্বাচনে ট্রুডোর লিবারেল পার্টির জয়ের পরপরই তিনি বোমারু বিমানগুলো প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ট্রুডোর সিদ্ধান্তে আইএসের বিরুদ্ধে লড়াইয়ের উদ্যোগ দুর্বল হয়ে যেতে পারে আশঙ্কায় মিত্র দেশগুলো সিদ্ধান্ত থেকে সরে আসতে চাপ সৃষ্টি করেছিল। ট্রুডোর আগে কানাডার পূর্ববর্তী রক্ষণশীল সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ২০১৪-র নভেম্বর থেকে ইরাক ও সিরিয়ায় বোমা হামলায় অংশ নিতে শুরু করে কানাডার বোমারু বিমানগুলো।
এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, আমরা সবকিছু করতে পারবো না। ওই অঞ্চলকে সহায়তার জন্য আমরা সর্বোচ্চ যা করতে পারি সেই কাজটি সঠিকভাবে করার জন্য আমরা আমাদের ইচ্ছানুযায়ী চলবো। তিনি আরও বলেন, যেসব মানুষ সন্ত্রাসের (আইএসের) মধ্যে প্রতিটি দিন পার করছে আমাদের প্রতিশোধ তাদের দরকার নেই, তাদের দরকার আমাদের সহায়তা।
২২ ফেব্রুয়ারি নিজেদের বোমা হামলা অভিযান শেষ করবে কানাডা। কিন্তু জোট বাহিনীর বিমান বহরে দুটি গোয়েন্দা বিমানসহ জ্বালানি সরবরাহকারী বিমানও রাখবে দেশটি। পাশাপাশি উত্তর ইরাকে কুর্দি সেনাদের প্রশিক্ষণে থাকা কানাডীয় সেনার সংখ্যা তিনগুণ বাড়িয়ে ২০০ জনে উন্নীত করবে। কানাডার এসব সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। রয়টার্স।
