রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়াম সংস্কার ও আধুনিকায়ন কাজ সম্পন্ন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এর নতুন নামকরণ করা হয়েছে শহীদ এএইচএম কামারুজ্জামান অডিটোরিয়াম। মঙ্গলবার সকালে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে অডিটোরিয়ামের নামফলক উন্মোচন করেছেন।
এ সময় তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করার নিয়ত নিয়ে কাজ শুরু করলে আল্লাহ তাতে বরকত দান করেন, সফলতা অর্জন করা যায়। যে জাতি তার ভাগ্যের উন্নয়নে চেষ্টা করে না আল্লাহ তার ভাগ্যের পরিবর্তন করেন না।
তিনি আরো বলেন, আমার পিতা শহীদ এএইচ কামারুজ্জামান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, রাজশাহী তথা দেশের জন্য কাজ করে গেছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে।
খায়রুজ্জামান লিটন বলেন, আমি রাজশাহীর উন্নয়নে কাজ করছি। রাজশাহীতে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করেছি। যাতে করে এখানে কর্মসংস্থানের সৃষ্টি হয়।
১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এ সময় বক্তব্য রাখেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মজিবর রহমান, রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব সৈয়দা জেবিন নিছা সুলতানা। রাসিকের কাউন্সিলর, কর্মকর্তা, সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকাবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
