যশোরের চৌগাছায় সহকারী শিক্ষককে বদলীর ঘটনায় পুড়াহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে গ্রামবাসী। জানা গেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সাথে বনিবনা না হওয়ায় সহকারী শিক্ষক মোস্তফা আক্তারুজ্জামানকে ডেপুটেশনে অনত্র বদলী করান তিনি। এ খবর গ্রামে পৌছলে বদলীর প্রতিবাদে রবিবার গ্রামবাসী স্কুলটিতে তালা মেরে দেয়।
স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হেলাল উদ্দীন জানিয়েছেন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন একজন দূর্নীতিবাজ লোক। তিনি বিভিন্ন বিষয়ে অনিয়ম করেন। বারবার বলা সত্বেও তিনি দেড় বছর ধরে ম্যানেজিং কমিটির কোন মিটিং ডাকেন নি। তার অনিয়মের প্রতিবাদ করাতেই সহকারী শিক্ষক আক্তারুজ্জামানকে অন্যত্র বদলী করিয়েছেন। আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য শিক্ষা দফতর ও প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ দিয়েছি।
প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রশিক্ষণে আছেন জানিয়ে বলেন শিক্ষক বদলীর ঘটনায় গ্রামবাসী স্কুলে তালা লাগিয়ে দেয়। মঙ্গলবার ১১টা দিকে সহকারী শিক্ষক মোস্তফা আক্তারুজ্জামান স্কুলে যোগদান করলে গ্রামবাসী তালা খুলে দিয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন জানিয়েছেন ঐ শিক্ষককে ডেপুটেশনে দেয়া হয়েছিল। গ্রামবাসীর দাবির মুখে ডেপুটেশন প্রত্যাহার করে নেয়া হয়েছে। এখন কোন সমস্যা নেই।
