এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, দেশে দৈনিক উৎপাদিত ২০ হাজার মেট্রিক টনের বেশি বর্জ্যরে মাধ্যমে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এলজিআরডি মন্ত্রণালয় বিভিন্ন পৌর এলাকার সংগৃহীত বর্জ্যরে দ্বারা বিদ্যুৎ উৎপাদনে প্রকল্প হাতে নিচ্ছে।
মঙ্গলবার এলজিইডি মিলনায়তনে যুক্তরাজ্য ভিত্তিক প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ ও বাংলাদেশ বর্জ্য ব্যবস্থাপনা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম নূরুল হুদার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আলোচক ছিলেন সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্টের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সিকদার, প্র্যাকটিক্যাল এ্যাকশনের পক্ষে হাসিন জাহান ও উত্তম কুমার সাহা।
প্রতিমন্ত্রী বলেন, দেশের ৩২৪টি পৌরসভা ও ১১টি সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর ও টেকসই করলে তা অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে। এ ব্যাপারে সরকারের পাশাপাশি প্র্যাকটিক্যাল এ্যাকশনের মতো প্রতিষ্ঠানসমূহ সহায়ক শক্তি হতে পারে। তিনি প্রতিষ্ঠানটি একযুগ ধরে গাজীপুর, ফরিদপুর, ময়মনসিংহ ও গাইবান্ধায় বর্জ্য হতে গ্যাস ও জৈবসার উৎপাদন করছে। বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দু’টো ম্যানুয়ালও তৈরি করেছে। এসব কার্যক্রম শহরাঞ্চলে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। তিনি বর্জ্য ব্যবস্থাপনা কাজে নিবেদিত প্রতিষ্ঠানসমূহকে সহায়তার আশ্বাস দেন।
