বাংলাদেশ ও ভারতের মধ্যে হাতি করিডোর

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৩
বাংলাদেশ ও ভারতের মধ্যে অবাধে যাতে হাতি বিচরণ করতে পারে সেজন্য কাঁটাতার তুলে দিয়ে করিডোর তৈরির চেষ্টা করা হচ্ছে। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে প্রাথমিক আলোচনার পর এখন চলছে হাতি চলাচলের মানচিত্র তৈরির কাজ। যদি প্রয়োজন পড়ে তাহলে নেপাল এবং ভুটানকেও যুক্ত করা হতে পারে। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
 
বাংলাদেশের সদ্য অবসর নেয়া বন সংরক্ষক (বন্য প্রাণী অঞ্চল) ড. তপন কুমার দে বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা দিয়ে আগে হাতি নিয়মিত চলাচল করতো। কিন্তু ভারত কাঁটাতারের বেড়া দেয়ার পর হাতির চলাচল সীমিত হয়ে পড়ে। ফলে অনেক হাতি সেখানে আটকে যাচ্ছে, মানুষের সাথে সংঘর্ষেও মারা পড়ছে।
 
হাতির সমস্যা সমাধানে কয়েক মাস আগে ভারতের কর্মকর্তাদের সঙ্গে কলকাতায় একটি বৈঠক হয়। সেখানেই হাতির অবাধ যাতায়াতের জন্য করিডোর গঠনের বিষয়ে আলোচনা হয়।এরপর কয়েকটি বেসরকারি সংস্থার সমন্বয়ে হাতি চলাচলের মানচিত্র তৈরির কাজ শুরু করেছে দুই দেশের বন বিভাগ। কোন পথ দিয়ে হাতি আসে, কোন পথে তারা ফিরে যায়, কোথায় থাকে ইত্যাদি বিষয় এই মানচিত্রে নির্ণয় করা হবে।
 
এ বছর জুন মাসের মধ্যেই মানচিত্র তৈরির কাজটি শেষ হয়ে যাবে বলে জানা গেছে। চলতি বছরের মধ্যেই একটি সমঝোতা গঠন হবে বলে তারা আশা করছেন। বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলার সীমান্ত এলাকা থেকে প্রতিবছর প্রায় ২০০ হাতি চলাচল করে বলে বন কর্মকর্তারা জানিয়েছেন।মানচিত্র তৈরির পর দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির পর একটি সমঝোতা স্মারক সই হবে।