১২তম এসএ গেমসে মালদ্বীপকে হারিয়ে ফুটবলে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলো নারী ফুটবলাররা।মঙ্গলবার শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপকে ২-০ গোলে হারায় বাংলাদেশ।
দলের পক্ষে গোলদুটি করেন সাবিনা খাতুন ও মারজিয়া। এ নিয়ে ৩ খেলায় ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। এক ম্যাচ কম খেলে ও সমান পয়েন্ট নিয়ে নেপাল আছে এক নম্বরে।
ফাইনালে যেতে হলে এই ম্যাচে জেতা বা ড্রর কোন বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। হেরে গেলে ফাইনালে যাবার আশা অনেকটাই শেষ হয়ে যেত গোলাম রব্বানী ছোটনের শিষ্যাদের।
তবে ফাইনালে যাবার বেশ ভালো সম্ভাবনাই আছে কৃষ্ণা-সাবিনাদের। অন্তত ব্রোঞ্জ পদক জেতাটা নিশ্চিত করলো তারা। এবার ছোটনের শিষ্যাদের লক্ষ্য থাকবে স্বর্ণ বা রৌপ্যপদক।
বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ১৩ ফেব্রুয়ারি স্বাগতিক ভারতের বিরুদ্ধে। শেষ ম্যাচে জিতলে নিশ্চিতভাবেই ফাইনালে চলে যাবে বাংলাদেশ।
