আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণে ভারতে অর্থছাড়

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩৭
আখাউড়া-আগরতলার মধ্যে নতুন রেলওয়ে প্রকল্প অনুমোদনের ছয় বছর পর ভারত সরকার এর জন্য ৫৮০ কোটি রুপি ছাড় করেছে। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়া দিল্লি সফরকালে এই প্রকল্প অনুমোদন দেয়া হয়।
 
ত্রিপুরা সরকারের পরিবহন সচিব সমরজিত ভৌমিক সাংবাদিকদের বলেন, ত্রিপুরা সরকারের অব্যাহত তাদাগা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে ভারতের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় ৫৮০ কোটি রুপি ছাড় করতে রাজি হয়। আগামী মার্চের মধ্যে এই অর্থ ছাড় করা হলে, অবিলম্বে প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কাজ শুরু করা হবে।
 
তিনি আরো জানান, বাংলাদেশ অংশে রেল অবকাঠামো নির্মাণের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থায়ন করবে।
 
ভারতের উপ রেলমন্ত্রী মনোজ সিনহা জানিয়েছেন, দুই দেশের রেলওয়ে নেটওয়ার্ককে যুক্ত করতে ভারত সরকার আগরতলা-আখাউড়া রেলওয়ে প্রকল্পকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই যোগাযোগ বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
এই রেল নেটওয়ার্ক নির্মিত হলে আগরতলা থেকে কলকাতার বর্তমান রেলপথে দূরত্ব ১,৬৫০ কিমি থেকে কমে ৫৫০ কিমি হবে। সূত্র: এআইএনএস