আন্তর্জাতিক বাজারের জ্বালানি তেলের অব্যাহত দরপতনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও দাম কমানো যায় কি না, তা পর্যালোচনা করতে সরকারকে তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। ব্যবসায়ীসহ সব মহলের দাবির মধ্যে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এই তাগিদ দিয়েছে।
দুই বছরেও ১২২ ডলার থেকে তেলের দর ৩০ ডলারে নেমে এলেও বাংলাদেশে দাম না কমানোর পক্ষপাতি সরকার। তেলের দাম না কমালে সারের ও বিদ্যুতের দাম কমিয়ে জনগণকে সুবিধা দেয়া যায় কি না, সংসদীয় কমিটির বৈঠকে সেই আলোচনাও এসেছে।
বৈঠক নিয়ে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কমিটি আর্ন্তজাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার পর অভ্যন্তরীণ বাজারে দাম কমানো যায় কি না, এ বিষয়ে পর্যালোচনা করার তাগিদ দেয়।’
২০১৩ সালে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দর বেড়ে ১২২ ডলারে ওঠার পর বাংলাদেশেও দাম বাড়ানো হয়। সেই হারে বর্তমানে প্রতি লিটার অকটেন ৯৯ টাকা, পেট্রোল ৯৬ টাকা, কেরোসিন ও ডিজেল ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। এরপর গত দুই বছর ধরে জ্বালানি তেলের দাম পড়তে পড়তে ৪০ ডলারের নিচে নামলেও দাম সমন্বয় করেনি সরকার।
