চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি হাজী সেলিমের

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫৩
জাতীয় সংসদের চলতি অধিবেশনে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবির সঙ্গে একমত পোষণ করেছেন ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম।
 
মঙ্গলবার দশম জাতীয় সংসদের চলতি অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ মত ব্যক্ত করেন তিনি। এর আগে চলতি অধিবেশনে গত ২ ফেব্রুয়ারি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ করার দাবির সঙ্গে একমত পোষণ করেন ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য জিয়াউল হক মৃধা।
 
প্রধানমন্ত্রীর কাছে একটি উপহার প্রার্থনা করছি উল্লেখ করে হাজী সেলিম বলেন, বাংলার নেত্রী শেখ হাসিনার কাছে কিছু চাইতে হয় না। চাওয়ার আগেই তিনি দিয়ে দেন। তবু একটি প্রবাদ আছে, না কাঁদলে মাও শিশুকে দুধ দেয় না। তাই আমরা আমাদের শিক্ষিত ও বেকার সন্তানদের জন্য কান্নাকাটি করছি।
 
তিনি এ ব্যাপারে স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন,‘ সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ করার দাবি অত্যন্ত যুক্তিসংগত। পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে মিলিয়ে আমাদের এখানে সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করলে অনেকে উপকৃত হবে।