ইন্দোনেশিয়ার একটি আদালত সাতজন ইসলামিক স্টেট সমর্থককে কারাদণ্ড দিয়েছে। অভিযুক্ত সাতজনকে তিন থেকে সর্বোচ্চ পাঁচ বছরের জন্য কারাদণ্ড দেয়া হয়েছে।
কারাদণ্ড পাওয়া সাতজনের চারজন সিরিয়া গিয়ে আইএস এর সঙ্গে সামরিক প্রশিক্ষণ নিয়েছে। অন্য তিনজন সিরিয়া যাওয়ার টিকেট ও জিহাদিদের সঙ্গে যোগ দিতে উৎসাহিত করার অভিযোগ রয়েছে। প্রথমবারের মতো কোনো ইন্দোনেশীয় আদালত ইসলামিক স্টেটের হয়ে নিয়োগ ও সিরিয়ায় গিয়ে লড়াই করতে সহায়তা করা ব্যক্তিদের কারাদণ্ড দিল। গত মাসে দেশটির রাজধানী জাকার্তাতে সন্ত্রাসী হামলা করে আইএস।
আদালতের রায়ে বলা হয় আইএসকে সমর্থন করা জঙ্গিবাদ বলে অভিহিত করা উচিত। গত মাসে জাকার্তার হামলার পরে দেশটিতে জঙ্গিবাদ বিরোধী আইনগুলো আরো কঠোর করতে আহ্বান জানানো হয় সরকারের প্রতি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অতীতে মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড থাকায় তাদের অধিক ক্ষমতা দিতে নারাজ আইনসভার সদস্যরা।
