সালমান খান প্রতিষ্ঠিত আর বরুণ ধাওয়ান উঠতি তারকা। সালমানের সাথে বরুণের কোনো তুলনাই চলে না। কিন্তু তাও ‘জুডওয়া’র সিক্যুয়েলে সালমানকে বাদ দিয়ে বেছে নেয়া হয়েছে বরুণ ধাওয়ানকে!
১৯৯৭ সালে ডেভিড ধাওয়ান তৈরি করেছিলেন ‘জুডওয়া’। সালমান খান অভিনীত সেই ছবি বক্স অফিসে ঝড় তুলেছিলো। কিন্তু তবুও সালমানকে উপেক্ষা করে ‘জুডওয়া টু’তে নেয়া হয়েছে বরুণকে।
টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, বলিউডে কমেডিকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার কৃতিত্ব এক সময়ে যার ছিল, সেই ডেবিড ধাওয়ান এবার ‘জুডওয়া’র সিক্যুয়েল তৈরি করতে চলেছেন। নায়ক কে হবেন, তা নিয়ে এতো দিন পর্যন্ত ধোঁয়াশা ছিল। অনেকে ভেবেছিলেন, আবারও সালমানকে নেয়া হবে। কিন্তু সকল জল্পনাকল্পনাকে উড়িয়ে নিজের ছেলে বরুণকেই চূড়ান্ত করেছেন ডেভিড ধাওয়ান।
এই ছবিতে বরুণকে দ্বৈত চরিত্রে দেখা যাবে।
এর আগে ছেলের সঙ্গে ডেভিড ধাওয়ান ‘ম্যায় তেরা হিরো’ ছবিটি করেছিলেন। কিন্তু সেই ছবি সেভাবে বাণিজ্যিক সাফল্য পায়নি। এবার কি পিতাকে ব্লকব্লাস্টারের মুখ দেখাতে পারবেন বরুণ?
