সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর: তথ্যমন্ত্রী

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৪
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনা সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর। নির্বাচনে পরাজিত হলে বা বিএনপি নির্বাচনে অংশ না নিলে সরকার অবৈধ, অনৈতিক, এই কথা বলার দিন শেষ।
 
বুধবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদে মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত সেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে সাধারণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
হাসানুল হক ইনু বলেছেন, অবৈধ সামরিক শাসক জিয়াউর রহমানের অনুসারীদের বাংলাদেশের জনগণকে নীতি নৈতিকতা শেখানোর দরকার নেই। তারা বাংলাদেশে যে অন্যায় অত্যাচার করেছে সেই ব্যাপারে আল্লাহর কাছে তওবা পড়ুক আর জনগণের কাছে মাফ চাক।
 
তথ্যমন্ত্রী বলেন, প্রশাসনের দুই একজনের অপরাধ সামগ্রিক চিত্র নয়, বিচ্ছিন্ন ঘটনা। এই বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুলিশ বা জেলা প্রশাসনের মূল্যায়ন করা উচিত নয়। কারণ প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করছে বলেই আমরা জঙ্গিবাদীদের উত্পাত থেকে কিছুটা শান্তিতে আছি। দেশবাসী নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করতে পারছে। সেই দিক থেকে দুই একজনের অন্যায়কাজের জন্য পুলিশ প্রশাসনকে দায়ী করা উচিত নয়।
 
এসময় জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক অশিত কুমার সিংহ রায়, জনসংযোগ বিষয়ক সম্পাদক নবির উদ্দিন নবির, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলীসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।