রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় নেয়া পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৪
 
রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন বর্জ্য ব্যবস্থাপনায় আইন অনুসারে কি পদক্ষেপ নিয়েছে তা তিন মাসের মধ্যে জানতে চেয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেয়।
 
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ এর ৪১ ধারা অনুসারে বর্জ্য ব্যবস্থাপনায় নেয়া পদক্ষেপ সম্পর্কে দুই সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রুলে বর্জ্য ব্যবস্থাপনায় আইন অনুসারে কেন যথার্থ পদক্ষেপ নেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।
 
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সরকার সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, দুই সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি ১৯ মে শুনানির জন্য পরবর্তী দিন রেখেছে আদালত।
 
বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট আইন সুষ্ঠুভাবে পালন করা হচ্ছে না বলে গত ১০ জানুয়ারি জনস্বার্থে সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবির রিট আবেদন করেন, যা বুধবার শুনানির জন্য ওঠে।
 
আদালতে সৈয়দ মহিদুল কবির নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মোতাহার হোসেন সাজু।
 

আইনজীবী সৈয়দ মহিদুল বলেন, ‘২০০৯ সালের স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের তৃতীয় তফসিলে বর্জ্য ব্যবস্থাপনায় করপোরেশনের রাস্তায় ডাস্টবিন স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা আছে। ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনেও পরিবেশ সংরক্ষণে পদক্ষেপ নেওয়ার কথা বলা আছে।