দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি ইউটোপিয়ার সহায়তায় দেশে প্রথমবারের মত আনল ফ্রি স্পন্সরড ইন্টারনেট অফার।
রবি গ্রাহকরা ইউটোপিয়া মোবাইলের ওপেন মার্কেটিং প্লাটফরম ফোনপাসের মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। রবি ও ইউটোপিয়া মোবাইল সম্প্রতি এ বিষয়ে একটি চুক্তি সই করেছে।
অনন্য এই প্লাটফর্মটির মাধ্যমে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান রবি গ্রাহকদের জন্য বিনামূল্যে ডাটা পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাদের পণ্য ও সেবা সম্পর্কে জানানোর সুযোগ পাবেন। রবি গ্রাহকরা সংশ্লিষ্ট সেবা বা অ্যাপ ডাউনলোড অথবা সাইটটি ভিজিটের মাধ্যমে সেবাটি গ্রহণ করতে পারবেন। এ পদক্ষেপের মাধ্যমে বিপুল সংখ্যক নতুন ইন্টারনেট ব্যবহারকারীদের আকৃষ্ট করে দেশে ইন্টারনেট ব্যবহারের হার বৃদ্ধি করা সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ফোনপাসের মাধ্যমে রবি গ্রাহকরা বিভিন্ন জনপ্রিয় অ্যাপস বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। বর্তমান অফারের আওতায় প্লাটফর্মটির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম বিনু, দেশের বৃহত্তম অনলইন মার্কেটপ্লেস বিক্রয়ডটকম, ট্যাক্সি বুক করতে ট্যাক্সিওয়ালা, কাইমু থেকে অনলাইনে কেনাকাটা, বাড়ি ক্রয়-বিক্রয় বা ভাড়া দিতে পিবাজার এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্রাউজ করতে পারবেন গ্রাহকরা।
রবি নাম্বার থেকে ‘রবি ডট ফোনপাস ডট মোবি’ লগইন করে বিনামূল্যে স্পন্সরড ইন্টারনেট অফারটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
প্রসঙ্গত, রুয়ান্ডায় সম্প্রতি ফোনপাস চালুর মাধ্যমে স্পন্সরড ইন্টারনেট ব্যবহার করছে চার মিলিয়ন গ্রাহক। এ সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশেও এটি চালু করা হল। যারা সীমিত হারে বা একদমই ইন্টারনেট ব্যবহার করেন না তাদের জন্য ফোনপাস একটি অনন্য সুযোগ।
বাংলাদেশে ফোনপাস প্রসঙ্গে রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জ্যঁ মাইকেল আর্নড শানুট বলেন, রবির প্রধান লক্ষ্য হচ্ছে সারাদেশে সকল স্তরের গ্রাহকদের জন্য ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া। ফোনপাস ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি করবে বলে আমাদের প্রত্যাশা। আমাদের সম্মানিত গ্রাহকদের এই অন্যন্য সুযোগ প্রদানের জন্য ইউটোওপিয়া মোবাইলকে ধন্যবাদ জানাচ্ছি।
ইউটোপিয়া মোবাইলের সিইও সন্দীপ গাঙ্গুলি বলেন, মোবাইল ডাটা সহজলভ্য করার লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো স্পন্সরড ডাটা চালু করতে রবি আজিয়াটা লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। যারা ইন্টারনেট ব্যবহার করেন না তাদের জন্য ফোনপাস যেমন একটি সুযোগ তৈরি করেছে আবার যারা ইন্টারনেট ব্যবহার করেন তারাও আরো বেশি কন্টেন্ট ব্যবহারের সুযোগ পাবেন। এর ফলে রবির ইন্টারনেট ব্যবহারকারী ও ইন্টারনেট ব্যবহার করেন না এমন গ্রাহকদের মধ্যে একটি সমন্বয় তৈরি হবে।
