পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অধিকাংশ বিষয়ই বাস্তবায়িত হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদে এক প্রশ্নের জবাবে একথা জানান প্রধানমন্ত্রী।
সম্পূরক প্রশ্নে পার্বত্য রাঙামাটির সংসদ সদস্য জনসংহতি নেতা উষাতন তালুকদার 'পার্বত্য শান্তিচুক্তি কবে সম্পূর্ণ বাস্তবায়ন হবে? জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, 'যে বিষয়গুলো এখনও হয়নি, সেগুলো করা হবে.... যে ধারাগুলো এখনও বাস্তবায়িত হয়নি, সেটা আমরা বাস্তবায়ন করব।'
তিনি আরো বলেন, 'পার্বত্যবাসী আমাদের দেশেরই নাগরিক, সুখ-দুঃখের সাথী। তাদের যদি কোনো দুঃখ থাকে, তা নিরসনের দায়িত্ব আমাদেরই।'
১৯৯৭ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় জনসংহতি সমিতির সঙ্গে সরকারের শান্তি চুক্তি হয়। এর মধ্য দিয়ে পাহাড়ে কয়েক দশকের হানাহানি বন্ধ হয়।
শান্তিচুক্তির বাস্তবায়ন নিয়ে জনসংহতি সমিতির নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমার) ক্ষোভের প্রেক্ষাপটে বুধবার সংসদে প্রশ্নের উত্তরে একথা জানান সরকার প্রধান।
