ডলার দিয়ে লাইক কেনা যায়, তারকাখ্যাতি না! : মাহাদী

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২১
 
সবকিছু নিয়েই অকপট-সাদামাটা মাহাদী; যেমন তিনি তার গান নিয়েও।
নইলে ‘তুমি বরুনা হলে হবো আমি সুণীল’ গীতিকার আসিফ ইকবালের এই জনপ্রিয় গানটি নিজের কণ্ঠে গেয়ে তুমুল জনপ্রিয়তা পাবার পরও গানটাকে সেইভাবে আঁকড়ে রাখবার চেষ্টা করেননি তিনি।
কেন এই খামখেয়াল ? এইরকম প্রশ্ন তাকে অনেকে অনেকভাবে করেছে অনেক মিডিয়া-
 
ইত্তেফাক অনলাইন বিনোদনের সাথে আড্ডা আলাপে এসে সেই অকপট কিছু কথাই বললেন তিনি।
যদিও ১০ ফেব্রুয়ারী ইত্তেফাক কার্যালয়ে এসেছিলেন স্রেফ নিজের অফিসিয়াল কাজেই। মাহাদী এখন একটি চেইন শপের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত। তার ভেতরেই গানের কাজটি করে যাচ্ছেন নিয়মিত।
 
আর গানের মানুষেরা নিজের আড্ডা আলাপে গানটাকেই ঘুরে ফিরে আনবেন এটাই স্বাভাবিক। ভালোবাসা দিবসের এই একাধিক গানের হট্টগোলে প্রিন্স মাহমুদের সুরে নতুন অ্যালবাম ‘খেয়ালপোকা’ তে চমত্কার একটি গেয়েছেন তিনি।
নিজের গান নিয়ে এত খামখেয়ালী প্রসঙ্গে মাহাদী বলেন, ‘এত সিরিয়াস হয়ে কী লাভ বলেন? আমার গান যার ভালো লাগবে, সে ঐ ডাউনলোড করে হলেও শুনবে। আর যার ভালো লাগবে না, তাকে জোর করে লাইক কিনেও শোনাতে পারবো না?
IMG0
            সাম্প্রতিক কালের এই ফ্যান পেজের ভক্তের সংখ্যা গোনা বা নিজের ছবি পোষ্টের লাইক গোনার অস্থিরতা প্রসঙ্গে মাহাদী বলেন, ‘প্রযুক্তিকে আমিও অবহেলা করি না। কিন্তু ফেসবুক আসার কারণে অনেকেই এর অপব্যবহার শুরু করেছে। ঐ অন্ধের হাতে কুড়াল দিলে যা হয়। ফেসবুক আমাদের সামাজিক জীবনকে অস্থির করেছে। একটা হিসেব আমি বুঝি না।
 
ইদানিং লাইক গোনা এক রোগে পরিনত হয়েছে। নতুন নতুন  শিল্পীদের কয়েকলাখ ফ্যান ফলোয়ার। কিন্তু জেমস ভাই, বাচ্চু ভাইদের চেয়েও কারো কারো বেশি। তাহলে কি ওরা এইসব লিজেন্ডদের চেয়েও জনপ্রিয়! অবাক হয়ে যায় এইসব অস্থিরতায়। এই অস্থিরতায় পড়ে যে যার মতো ডলার খরচ করে আমরা লাইক কিনছি। এই ডলার দিয়ে লাইক কেনা যায়, তারকাখ্যাতি না! কী অদ্ভুত! খরুচে জনপ্রিয়তা নিয়ে নিজেই নিজেকে তারকা বলে ফেলছি। অথচ রাস্তায় এরা দাঁড়ালে কোনো ভক্তই  মোহিত হয়ে ছুটে আসে না।’
 
এছাড়া, যে যার মতো করে একজন আরেকজনকে দোষারোপ করার প্রবনতা বেড়ে গেছে।
তবে নিজের ফেসবুক ব্যবহার নিয়ে ইতিবাচক ধারণাও পোষণ করলেন মাহাদী।
বললেন, ‘হ্যা, অনলাইন মার্কেটিং, নিজের আপডেট দেয়া এসব বিষয়ে ফেসবুক খুব কাজে দেয়। কিন্তু এর পাশাপাশি এই ব্যক্তি জীবনের অস্থিরতাও সহ্য করাটা মুশকিল। তবে এসব যে একটা ফেইক প্রতিযোগিতা তা এখন অনেকেই বুঝে গেছে।’
 
নিজের নতুন গান প্রসঙ্গে মাহাদী বলেন, ‘আমি জানি না, গান নিয়ে আমার লক্ষ কি? আমার একথা শুনলে আমাকে বড়’রা ধমকায়। আর সমবয়সীরা বলে ফান করছি। আসলেই আমি আমার নিজের ভালোলাগা থেকে স্রেফ নিজের খামখেয়াল থেকেই গান করছি। এর বেশি কিছু না। ঐ রকম সুপারস্টার আমাকে হতেই হবে, অমুক অ্যাওয়ার্ড আমার পেতেই হবে। এসবের ভেতরে ভাই আমি নেই।’