জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আমার দুঃখের অনেক কাহিনী আছে, বলব না। এতগুলো পৌরসভা নির্বাচনে আমরা মাত্র একটিতে জিতেছি। সবচেয়ে বড় দুঃখ, কষ্ট আমার। মানুষ হাসিঠাট্টা করে। লজ্জায় মাথা কাটা গেছে। অপমানে আমি মানুষকে মুখ দেখাতে পারি না।’
জাতীয় যুবসংহতির উদ্যোগে বুধবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে দলের নবনিযুক্ত কো-চেয়ারম্যান জিএম কাদের ও রুহুল আমিনকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘আমি আজ ক্লান্ত। ক্লান্তি নিয়ে বলছি-আমার ভাই জিএম কাদের দলের উত্তরসুরী হিসেবে আসার পরে আমার মনে নবউদ্যম সৃষ্টি হয়েছে। তারপরেও দলের স্বার্থে যেখানে যাওয়া দরকার, আমি যাব। আমি পরিশ্রান্ত নই। আমি গর্বিত এ রকম একটা ভাই আমার আছে। ও শুধু আমার ভাই নয়, আমার সন্তানও, সে আমার চেয়ে বেশি লেখাপড়া করেছে। আমাদের পথ চলা শেষ হবে। যোগ্য তরুণদের হাতে নেতৃত্ব দিতে হবে। আর কোনো ভুল বোঝাবুঝি নেই, আজ থেকে জাপা এক। অনেক পথ হেটেছি, এবার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে চাই। আমরা সবাই একসাথে আছি।’
