আলেপ্পোর লড়াইয়ে ৫০ হাজার মানুষ স্থানচ্যুত: রেডক্রস

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৪৩
সিরিয়ায় আলেপ্পোয় বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর প্রচণ্ড লড়াইয়ে ৫০ হাজার মানুষ বাস্তু চ্যুত হয়েছে বলে জানিয়েছে রেডক্রস। শহরের পানি সরবরাহের সংযোগ কেটে দেয়ায় মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
 
বাশার আল আসাদের সিরীয় সরকার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আলেপ্পো শহরের দখল নেয়ার চেষ্টা করছে। আসাদ বাহিনীর এই অভিযানে সহায়তা করছে রাশিয়ান বিমান বাহিনী। আর এই লড়াইয়ের জের ধরেই শহরের ৩০ হাজার বাসিন্দা পালিয়ে তুর্কি সীমান্তে আটকে গেছে।
 
এর মধ্যে শহরের পানি সরবরাহ সংযোগ কেটে দেয়ায় অবস্থা আরো গুরুতর হয়েছে বলে জানিয়েছে রেডক্রস। একটি বিবৃতিতে আন্তর্জাতিক রেড ক্রসের সিরীয় প্রধান মারিয়ান গ্যাসার বলেন, এখানের তাপমাত্রা এখন অনেক কম, এবং খাদ্য, পানি ও আশ্রয়ের অপর্যাপ্ত সরবরাহের মধ্যে খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে বাস্তুচ্যুতরা। 
 
ছয় বছর ধরে চলা সিরিয়া গৃহযুদ্ধে কমপক্ষে আড়াই লক্ষ মানুষ নিহত হয়েছে। এছাড়া প্রায় চল্লিশ লক্ষ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে এই লড়াইয়ে। বিবিসি।