রণবীর-ক্যাটরিনার বিচ্ছেদ নিয়ে সালমান

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১২:১৪
রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফের বিচ্ছেদের বিষয়টি এখন বলিউড পাড়ার রসালো বিনোদন খবরে পরিণত হয়েছে।
 
গুঞ্জন চলছিল, ক্যাটরিনা নাকি রণবীরের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের আগে প্রাক্তন প্রেমিক সালমান খানের সঙ্গে এ বিষয়ে আলাচনা করেছিলেন। তারপর থেকেই রণবীর-ক্যাটরিনার মাঝে ঢুকে পড়লো সালমান প্রসঙ্গও।এক সাক্ষাৎকারে সালমানও এক প্রশ্নের উত্তরে এ নিয়ে প্রশ্নের সম্মুখীন হন। আর সেখানেই সালমান বিষয়টি নিশ্চিত করলেন।
 
সম্প্রতি ভারতের জনপ্রিয় ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সালমান। টেলিভিশনের এই জনপ্রিয় অনুষ্ঠানটিতে সেলেব্রিটিদের অনেক সময় এমন কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়, যাতে তারা বেশ অস্বস্তিতে পড়েন। তেমনই একটি প্রশ্ন করা হয়েছিল এই তারকাকে। প্রসঙ্গ, রণবীর-ক্যাটরিনার ব্রেক-আপ। তবে সরাসরি ব্রেকআপ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়নি সালমানকে। রণবীরের সঙ্গে ক্যাটরিনার আলোচিত সি বিচের ছবি নিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ছবিতে ক্যাট অন্য একজনের সঙ্গে আছেন। এই ব্যাপারে কি বলতে চান এই অভিনেতা? সালমানের উত্তর ছিল, ‘আমার মনে হয় বিষয়টি এখন অনেক পুরোনো হয়ে গেছে। পাতা উলটে গেছে।’ তারপরেই অবশ্য সালমান নিজেকে সামলে নেন। বলেন, ‘যা গুজব তিনি আজকাল শুনছেন, তার উপর ভিত্তি করেই তিনি উত্তর দিয়েছেন।’
 
সালমানের এই কথার পর আরো গুঞ্জন এবং প্রশ্ন উঠতে শুরু করেছে মিডিয়ায়। সালমান তাহলে কি বিশেষ কোনো ইঙ্গিত দিলেন এই জবাবে! তিনি কি তবে নিশ্চিত করলেন রণবীর-ক্যাটের বিচ্ছেদ!