মিরাজের অর্ধশতকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩২
অধিনায়ক মেহেদি হাসান মিরাজের অর্ধশতকে বিপর্যয় সামলে বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ৪৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৯৬  রান করেছে বাংলাদেশ।
 
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছাতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে যুবাদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ২৬ ম্যাচ খেলা পিনাক ঘোষ ও ৩৩ ম্যাচ খেলা সাইফ হাসান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বেশ বড় ধাক্কা খায় স্বাগতিক বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে পিনাক ঘোষ কোনো রান করার আগেই বিদায় নেন। 
 
কেমার হোল্ডারের লাফিয়ে উঠা বলে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফেরেন ১০ মোকাবেলা করা পিনাক। দলীয় ১০ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে। দলীয় ১০ রানের মাথায় টাইগার যুবাদের ওপেনার পিনাক ঘোষ ফিরে গেলে ব্যাট হাতে নামেন ৪২ ম্যাচ খেলা জয়রাজ শেখ। ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে বিদায় নেন সাইফ হাসান। জোসেফের বলে স্কয়ার লেগে গোলির হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে সাইফ ১৬ বলে করেন ১০ রান।
 
দুই ওপেনারকে হারিয়ে খেলতে থাকা বাংলাদেশ ইনিংসের ১৩তম ওভারে তৃতীয় উইকেট হারায়। রায়ান জনের বলে দলীয় ৫৮ রানে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। এরপরে জয়রাজ শেখ ও  অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ধীরে সুস্থে খেলতে থাকেন। তবে ৫৪ বলে ৩৫ রান করা জয়রাজকে ফিরিয়ে দিয়ে বড় ধাক্কা দেন শামার স্প্রিঙ্গার। দলীয় ১১৩ রানে হোল্ডারের বলে পঞ্চম উইকেট হিসেবে জাকির হোসেনের পতনের পরে কম রানে অলআউট হয়ে যাওয়ার সম্ভাবনার মুখে পড়ে বাংলাদেশ। সেখান থেকে মোহাম্মদ সাইফুদ্দিনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন মিরাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত এই দুইজনের মধ্যে ৭০ রানের জুটি গড়ে উঠেছে। মেহেদি ৫৯ রান করে উইকেটে আছেন আর ৩৫ রান করে তাকে যথার্থ সঙ্গ দিচ্ছেন সাইফুদ্দিন।