দেশের সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালর করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬তম জাতীয় সমাবেশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, জনগণের জানমালের হেফাজত করা আপনাদের পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে আপনারা সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও সাহসের সঙ্গে কাজ করবেন।
তিনি বলেন, জাতির যে কোনো প্রয়োজনে বরাবরই আপনারা যে সাহস, সততা ও একাগ্রতার পরিচয় দিয়েছেন তার জন্য আমি জাতির পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের সকল সদস্যকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা মোকাবেলায় আনসারের ভূমিকার কথাও স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, অপারেশন রেলরক্ষা ছাড়াও, মহাসড়কে নাশকতা ঠেকাতে আনসার বাহিনীর ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত। সম্প্রতি পৌর নির্বাচনসহ দেশের সকল গুরুত্বপূর্ণ নির্বাচন নির্বিঘ্ন করতে আনসার বাহিনীর বিশাল পরিসরে উপস্থিতি বরাবরের মতই সকলের নজরে এসেছে।
সাহসিকতা এবং সেবামূলক কর্মকাণ্ডে জন্য এই অনুষ্ঠানে তিনজনকে বাংলাদেশ আনসার পদক (সাহসিকতা), সাতজনকে প্রেসিডেন্ট আনসার পদক (সাহসিকতা), একজনকে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল (সাহসিকতা) মরণোত্তর পদক, ছয়জনকে বাংলাদেশ আনসার পদক (সেবা), ছয়জনকে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক, ৩৭ জনকে প্রেসিডেন্ট আনসার (সেবা) পদক এবং ১৯ জনকে প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক দেয়া হয়।
এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা এবং অস্ত্র উদ্ধারে বিশেষ অবদানের জন্য আনসারের ১৭ জনকে স্বর্ণপদক, ২৫ জনকে রৌপ্যপদক এবং ২১ জনকে ব্রোঞ্জপদক দেওয়া হয়। আইন-শৃঙ্খলা রক্ষা এবং অস্ত্র উদ্ধারে বিশেষ অবদানের জন্য ৪০ জন আনসার সদস্যকে দেয়া হয় বিশেষ পুরস্কার।
