গিনিতে বাস- ট্রাক সংঘর্ষে নিহত অন্তত ১৫

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:২৫
গিনির দক্ষিণপূর্বাঞ্চলে বুধবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি সামরিক ট্রাককে সজোরে ধাক্কা দেয়। ফলে বাসটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে। 
 
প্রেসিডেন্টের ভবন থেকে এক বিবৃতিতে বলা হয়, গিনির রাজধানী কোনাক্রি থেকে প্রায় ৭০০ কিলোমিটার (৪৩৫মাইল) দূরে ম্যাসেন্টা অঞ্চলের বোফোসোউয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসটি উল্টে যায়। বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিকভাবে এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।’
 
এতে আরো বলা হয়, প্রাথমিকভাবে জানা গেছে যে বাসটির চালক দ্রুত গতিতে গাড়ি চালানোয় এবং ব্রেকিং সিস্টেমে ত্রুটি দেখা দেয়ায় এই দুর্ঘটনা ঘটে। ম্যাসেন্টার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কেমো পাসক্যাল দিম্বাদোউনো বলেন, ভোর বেলা কম দৃশ্যমানতার কারণে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সামরিক ট্রাকটি পার্ক করার চেষ্টা করছিল।
 
তিনি আরো বলেন, সামরিক ট্রাকটি এনজেরেকোরে থেকে ফল বহন করে আনছিল। দুর্ঘটনার সময় এটি গতি কমিয়ে আনছিল। দিম্বাদোউনো বলেন, এই দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। এএফপি।