দেশে উচ্চ আদালতের বিচারকদের জন্য আচরণবিধি থাকা উচিত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। অবসরোত্তর সুবিধায় থাকা অবস্থায় হাই কোর্টের এক বিচারক যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর আইনজীবী হওয়ায় আলোচনার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘আজ বিচারপতিদের আচরণবিধি খুব প্রয়োজন হয়ে গেছে।’ এই আচরণবিধি করতে প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গেও কথা বলবেন বলে জানান মন্ত্রী।
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগ থেকে গতবছর ১২ ডিসেম্বর অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বুধবার আপিল বিভাগে জামায়াত নেতা মীর কাসেমের মামলার শুনানিতে উপস্থিত হলে এই আলোচনার সূত্রপাত হয়। বিষয়টি আদালতের নজরে আনার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, নজরুল ইসলাম চৌধুরী হাই কোর্টের বিচারক হিসেবে অবসরকালীন সুবিধায় সরকারি বাসভবন, গাড়ি ও গানম্যান পাচ্ছেন। এ অবস্থায় আইনজীবী হিসেবে মামলা লড়া ‘নৈতিকতার চরম বিরোধী’।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘পত্রিকায় যদি সঠিকভাবে এসে থাকে, তিনি বলেছেন, নিম গাছেতো আর আম ধরবে না। তিনি প্রমাণ করেছেন, নিম গাছে আম ধরে না। উনি উনার কর্মকাণ্ডে প্রমাণ করেছেন। উনি যেটা করেছেন আমি প্রধান বিচারপতিকে অনুরোধ করবো দেখেন।’
