যৌথ শিল্পপার্ক বন্ধ করা শুরু করেছে দ. কোরিয়া

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২১
উত্তর ও দক্ষিণ কোরিয়ার যৌথ শিল্পপার্ক কায়েসং বন্ধ করে দেয়ার কাজ শুরু করেছে দক্ষিণ কোরিয়া। ১৯৫০ সালে দুই কোরিয়া আলাদা হয়ে যাওয়ার পর এই শিল্পপার্কটিকে দুই কোরিয়ার ঐক্যের একমাত্র নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়।
 
বুধবার সিউল জানায়, উত্তর কোরিয়ার সাম্প্রতিক রকেট পরীক্ষার প্রতিক্রিয়া হিসেবে কায়েসংয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া সরকার। গত মাসে পিয়ংইয়ং হাইড্রোজেন বোমা পরীক্ষা চালানোর পর শিল্পপার্কটিতে নিজেদের কিছু কার্যক্রম গুটিয়ে নিয়েছিল দক্ষিণ কোরিয়া। উত্তরের পারমাণবিক কার্যক্রম চালানোর জন্য প্রয়োজনীয় অর্থের যোগান বন্ধ করে দিতে এই পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে সিউল।
IMG0
তবে কতদিন শিল্পপার্কটি বন্ধ থাকবে সে ব্যাপারে বিস্তারিত কোন খবর পাওয়া যায়নি। কায়েসং শিল্প পার্কে দক্ষিণ কোরিয়ার ১২৪ টি কোম্পানির কারখানা রয়েছে। এসব কোম্পানিতে উত্তর কোরিয়ার হাজার হাজার নাগরিক কাজ করেন। সূত্র: বিবিসি