খুলনার দাকোপে বেসরকারি সংস্থা হিড বাংলাদেশের দারোয়ান শীতল সরদার (৩৫) হত্যা মামলার আসামি ওয়াসিকুল সরদারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর কারাদণ্ডের দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি মোহসীন রেজা ও বাচ্চু আহমেদ ফকিরকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২০ ফেব্রুয়ারি রাতে বেসরকারি সংস্থা হিড বাংলাদেশের দাকোপ শাখায় কর্মরত দারোয়ানকে দুর্বৃত্তরা অফিসের মধ্যে শ্বাসরোধ করে হত্যা করে। পরের দিন সকাল সাড়ে ৮টায় অফিসের স্টাফরা অফিসে এসে লেপ মোড়ানো অবস্থায় শীতলের লাশ পড়ে থাকতে দেখে। এ ঘটনায় নিহতের ভাই বিধান সরদার অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দাকোপ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল হক আসামি ওয়াসিকুল সরদার, মোহসীন রেজা ও বাচ্চু আহমেদ ফকিরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
