হিজড়াদের হামলায় রাবি শিক্ষক আহত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪৪
হিজড়াদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন অক্ট্রয় মোড় এলাকায় ওই শিক্ষকের বাসার সামনে এ ঘটনা ঘটে। হামলাকারী তিন হিজড়া হলেন, ছনি, রিয়া ও সাহান।
হামলার শিকার পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্চ ডেভেলপমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক কামাল হোসেনের বাম হাত ভেঙ্গে গেছে এবং ঘাড়ে গুরুতর আঘাত পেয়েছেন। তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ১৫ দিন আগে ওই শিক্ষকের বাসায় এসে বাচ্চা নাচিয়ে দুই হাজার টাকা নিয়ে যায় হিজড়া। বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষকের বাচ্চা নাচিয়ে দিয়ে তিনজন হিজড়া টাকা নিতে আসে। পরে ওই শিক্ষক ৮৫০ টাকা দিলে ছনি নামে একজন চরম খারাপ ব্যবহার করে। এতে তাদের অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করে ওই শিক্ষক। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হিজড়ারা ওই শিক্ষকের উপর হামলা করে। এতে তিনি ঘাড় ও বাম হাতে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
 
ওই শিক্ষকের সহকর্মী সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বেশ কয়েকদিন আগে সহকারী অধ্যাপক কামাল হোসেনের বাসায় এসে বাচ্চা নাচানোর কথা বলে ১০ হাজার টাকা দাবি করে। অনেক দর কষাকষির পর দুই হাজার টাকা দিয়ে বিদায় করে। বৃহস্পতিবার এসে বাচ্চা নাচানোর কথা বলে আবার পাঁচ হাজার টাকা দাবি করে। কিছু টাকা দিয়ে বিদায় করতে চাইলে হিজড়া ছনিসহ তিন হিজড়া মিলে তার উপর হামলা করে।
 
এ ঘটানার পর  তিন  হিজড়াকে আটক করে নিয়ে যায় মতিহার থানা পুলিশ। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অশোক চৌহান বলেন, ‘তাদের আটক করা হয়েছে। তবে এ মহুর্তে কিছু বলা যাচ্ছে না।