নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে (বিএসসি) অধিকতর সক্ষম ও শক্তিশালী করতে সংস্থাটির বহরে আরো ১৬টি জাহাজ যুক্ত হবে।’
বৃহস্পতিবার বিএসসির বোর্ড সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএসসির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শাহজাহান খান বলেন, ‘বড় ও মাঝারি ১৬টি জাহাজ কেনা হবে। এরমধ্যে ছয়টি ২০১৮ সালের মধ্যে দেশে পৌঁছবে। অপর ১০টি জাহাজ কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্রে কয়লা পরিবহণের জন্য কেনা হবে।’
এছাড়া দেশে বন্দরের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বন্দরগুলোর ধারণ ক্ষমতার পাশাপাশি ব্যবসা-বানিজ্যও বাড়ছে। এই বর্ধিত চাহিদা মেটাতেও নৌখাতে আরো জাহাজ প্রয়োজন। বোর্ড সভায় বাংলার কাকলী ও বাংলার কল্লোল, এই দু’টি পুরানো জাহাজ বিক্রির সিদ্ধান্ত হয়।
খবর বাসসের।
