ইহুদী হত্যার দায়ে জার্মানিতে নাৎসি রক্ষীর বিচার শুরু

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৬
১ লাখ ৭০ হাজার ইহুদী হত্যার অভিযোগে পোল্যান্ডের আউৎসুইৎতজ বন্দিশালায় রক্ষী হিসেবে কাজ করা রেইনহোল্ড হ্যানিংয়ের নামে  ৯৩ বছর বয়সী এক ব্যক্তির বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার জার্মানির পশ্চিমাঞ্চলীয় ডেটমোল্ড শহরে তার বিচার শুরু হয়।
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলাকালে কনসেনট্রেশন ক্যাম্প হিসেবে পরিচিত নাৎসি বন্দিশালাগুলোর মধ্যে আউৎসুইৎতজ ছিল সবচেয়ে কুখ্যাত।  এ ধরনের অভিযোগের মুখে থাকা বৃদ্ধ চারজনের মধ্যে তারই প্রথম বিচার শুরু হল।
 
১৯৪২ সালে ২০ বছর বয়সী হ্যানিং আউৎসুইৎতজ বন্দিশিবিরে রক্ষী হিসেবে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন জার্মানির সরকারি আইন কর্মকর্তারা। ১৮ বছর বয়সে তিনি স্বেচ্ছায় নাৎসিদের এসএস বাহিনীতে যোগ দিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে তিনি পূর্ব ইউরোপে লড়াইয়ে অংশ নেন।
 
১৯৪২ সালের জানুয়ারিতে তাকে আউৎসুইৎতজ কারাগারে বদলি করা হয়। এখানে ১৯৪৪ সালের জুন পর্যন্ত তিনি রক্ষী হিসেবে কাজ করেন। ডর্টমন্ডের আইন কর্মকর্তার দপ্তর হ্যানিংকে অভিযুক্ত করে। এছাড়া হাঙ্গেরি, ইসরায়েল, কানাডা, গ্রেট ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও জার্মানি তার বিরুদ্ধে ৩৮টি যৌথ অভিযোগ এনেছে।