তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'নৈতিক মূল্যবোধে উজ্জীবিত দেশ গড়তে সরকারের কাজে জনগণের ভূমিকা হবে অতন্দ্র প্রহরীর মতো। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সংসদ সদস্য এবং সরকারি দফতরের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পদাধিকারীদের দায়িত্ব হচ্ছে দুর্নীতি প্রতিরোধ করা। এ দায়িত্ব পালনে তাদের কৃতিত্ব মূল্যায়ন করবে দেশের আপামর মানুষ।'
বৃহস্পতিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে বাংলাদেশ বায়োইথিকস সোসাইটি আয়োজিত তিনদিনব্যাপী জৈবনিক মূল্যবোধ বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধনকালে তথ্যমন্ত্রী সকলের প্রতি এ আহ্বান জানান। পিআইবি এবং আমেরিকান ইউনিভার্সিটি অব সভরেইন নেশনস (এইউএসএন) এর সহায়তায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়োইথিকস সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক তাসলিমা মনসুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এড. হোসনে আরা লুৎফা ডালিয়া।
অনুষ্ঠানে ইনু বলেন, 'উপনিবেশতন্ত্র, সামরিকতন্ত্র ও সাম্প্রদায়িকতা থেকে গণতন্ত্রে উত্তরণের যাত্রায় নৈতিকতাবিরোধী রাজাকার ও মানুষ পোড়ানো খুনীদের বিচারের কোন বিকল্প নেই। একইসাথে টেস্ট রিলিফ ও কাজের বিনিময়ে খাদ্য কর্মর্সূচির বরাদ্দ যদি কেউ আত্মসাৎ করে তারও রেহাই নেই।'
