ইউরোপে শরণার্থী পাচারকারী অপরাধ চক্র দমনে তুরস্ক ও গ্রিসকে সহায়তা করতে ইজিয়ান সাগরে অভিযানে যাচ্ছে নেটো জাহাজ। নেটোর শীর্ষ কমান্ডার বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
নেটোর প্রতিরক্ষামন্ত্রীরা পূর্ব ভূমধ্যসাগরে নৌবাহিনী নামানোর ব্যাপারে একমত হওয়ার কয়েক ঘণ্টা পরই কমান্ডার জেনারেল ফিলিপ ব্রিডলভ খুব দ্রুতই অভিযানের কাজ শুরু করে দেওয়ার কথা জানান।
সোমবার প্রথম এ অভিযান পরিকল্পনার কথা তুলেছিল জার্মানি এবং তুরস্ক। তারপর হঠাৎ করেই নেটো এ পরিকল্পনা হাতে নেয়। ইউরোপে শরণার্থী সঙ্কট সামাল দিতে দেশগুলোকে সহায়তা করার লক্ষ্যে তাদের এ পদক্ষেপ। গতবছর ইউরোপের দেশগুলোতে পৌঁছেছে ১০ লাখেরও বেশি শরণার্থী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এটিই সবচেয়ে ভয়াবহ শরণার্থী সঙ্কট।
নেটো কমান্ডার ব্রিডলভ বলেন, সাগরে অভিযানের পাশাপাশি সেনারা তুরস্ক-সিরিয়া স্থলসীমান্তের মানবপাচারকারীদের ওপরও নজর রাখবে।
নেটো জেনারেলরা এখনো অভিযান পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত কিছু না জানালেও নেটো জাহাজগুলো তুরস্ক ও গ্রিক উপকূলরক্ষী বাহিনী ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন সীমান্ত সংস্থা ফনটেক্সের সঙ্গে মিলে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।
