চান্দিনায় টমেটো চাষে এবার বিপ্লব ঘটেছে। চান্দিনায় উত্পাদিত টমেটো জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে ঢাকাসহ সারাদেশে। কৃষিনির্ভর এ উপজেলায় টমেটো চাষে বছরে বাড়তি আয় হয় প্রায় ২০ কোটি টাকা। এ উপজেলায় টমেটো চাষে লাভবান কৃষক।
দিন দিন এ উপজেলায় চাষিদের টমেটো চাষে আগ্রহ বাড়ছে। উপজেলার চিলোড়া, পূর্ব-অম্বরপুর, এতবারপুর, হারং, ছায়কোট, ডুমুরিয়া, বাড়েরা এলাকায় বাণিজ্যিকভাবে টমেটো চাষ হচ্ছে। অনেক টমেটো চাষি রয়েছে যারা বছরের অন্য সময়ে কৃষি কাজের সাথে জড়িত নয় তারাও এ মৌসুমে টমেটো চাষ করে। অনেক পরিবার টমেটো চাষ করে স্বাবলম্বী হয়েছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, এ বছর চান্দিনা উপজেলার ৩৮০ হেক্টর জমিতে টমেটো চাষের লক্ষ্যমাত্রা নিয়ে ৩৯০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে।
জানা যায়, প্রতি শতাংশ জমিতে টমেটো চাষে খরচ হয় ৪৫০ থেকে ৫৫০ টাকা, বিক্রি হয় দুই থেকে আড়াই হাজার টাকা।
এলাকার কৃষক হুমায়ূন, মোস্তফা, সাইফুল ও কামাল জানান, এ উপজেলায় প্রচুর পরিমাণ টমেটো উত্পাদন হয়। প্রক্রিয়াজাতকরণের কোনো ব্যবস্থা না থাকায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার মৌসুমি ফসল। ফলে স্থানীয় বাজারগুলোতে বিক্রি করা সম্ভব হয় না। পাইকাররাও ভালো দাম দিতে চায় না। ফলে প্রতিদিন ঢাকার কাওরান বাজারে নিয়ে যাওয়া হয়। ঢাকার কাওরান বাজারে বর্তমান বাজার মূল্যে প্রতি ক্যারেট টমেটো বিক্রি হয় আড়াইশ থেকে তিনশ টাকা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শওকত হোসেন জানান, মৌসুমের শুরুতে অনুকূল আবহাওয়া থাকায় এবং সারের সুষম বণ্টনের কারণে আশানুরূপ উত্পাদন সম্ভব হয়েছে। অপরদিকে মৌসুমের শুরু থেকে টমেটোর মূল্য ভালো পাওয়ায় কৃষকরাও লাভবান হয়েছেন।
