আবারও শ্রীদেবী

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:২৭
দর্শক ও সমালোচক মহলে প্রশংসিত হয়েছিলো ‘ইংলিশ ভিংলিশ’। এই ছবিতেও বরাবরের মতো অনবদ্য ছিলেন শ্রীদেবী। ছবিটি মুক্তির পর কেটে গিয়েছে তিন বছর। কিন্তু আর কোনো মুভিতে দেখা যায়নি শ্রীদেবীকে। তবে ভক্তদের আশাহত হওয়ার কিছু নেই, ‘মা’ নামের নতুন এক ছবিতে আবারও দেখা যাবে তাকে। সূত্র- মিড-ডে।
 
‘মা’ প্রযোজনা করবেন বনি কাপুর। দু’বছর ধরে নানা গুঞ্জনের পর শেষমেশ ফ্লোরে যেতে চলেছে ‘মা’ নামের এই ছবি।
 
মহিলাকেন্দ্রিক এই ছবিতে মুখ্য ভূমিকাতেই থাকছেন শ্রীদেবী। একজন মা আর তার পালিত মেয়ের সম্পর্ক নিয়েই ছবির গল্প, যা শ্রীদেবীর শেষ ছবি ‘ইংলিশ ভিংলিশ’র চেয়ে অনেকটাই আলাদা।
 
বনির প্রযোজনায় ‘মিস্টার ইন্ডিয়া’, ‘রূপ কি রানি চোরো কা রাজা’র মতো ছবি করেই এক সময় বিখ্যাত হয়েছিলেন শ্রীদেবী। বহু বছর পর অভিনয়ে ফিরে আবার বনির প্রযোজনাতেই আস্থা রাখছেন অভিনেত্রী।
 
নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই ছবির বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।