ইউপি নির্বাচনে প্রার্থিতার সিদ্ধান্ত তৃণমূলের হাতে: বিএনপি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৭
 
 
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে স্থানীয় নেতাদের সুপারিশকেই প্রাধান্য দেবে বিএনপি। শুক্রবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইউপি নির্বাচনে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এ কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
 
এই বিএনপি নেতা বলেন, ‘বিএনপি সিদ্ধান্ত নিয়েছে ইউপি নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে ইউপি বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক- এই মোট পাঁচ জন মিলে প্রার্থীর নাম অনুমোদন করার জন্য কেন্দ্রে সুপারিশ করবে।’
 

বৃহস্পতিবার নির্বাচন কমিশন প্রথমবারের মতো রাজনৈতিক দল ও তাদের প্রতীকে অংশগ্রহণের সুযোগ রেখে ২২ মার্চ থেকে সারাদেশে ইউনিয়ন পরিষদের ভোটের তফসিল ঘোষণা করে। মোট ছয় ধাপে ৪ হাজার ২৭৯ ইউনিয়নে স্থানীয় সরকারের এ নির্বাচন হবে এবার। প্রথম ধাপে ৭৫২ ইউপির ভোট হবে ২২ মার্চ।