প্রাগের ওয়েনসেসলাস স্কোয়ারে অবস্থিত চেক ন্যাশনাল মিউজিয়ামে একটি বড় ধরনের অগ্নিকান্ড ঘটেছে। আগুনে মিউজিয়ামের ছাদ পুড়ে গেছে । শুক্রবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে দমকল কর্মীরা।
দমকল বাহিনীর নারী মুখপাত্র প্যাভলিনা অ্যাদামকোভা বলেন, ‘ছাদ ও চিলেকোঠার প্রায় ২০০ বর্গমিটার (২১৫০বর্গফুট) এলাকায় এই আগুন ছড়িয়ে পড়ে।’ তবে জাদুঘরের সংগ্রহের কোন ক্ষতি হয়নি।
এই ঘটনায় ধোঁয়ার কারণে এক নিরাপত্তা রক্ষীর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকান্ডের কারণে ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চালানো হচ্ছে।
জরাজীর্ণ ভবনটি ১৮৮৫ সাল থেকে ১৮৯১ সালে পর্যন্ত সময়ে নির্মিত হয়। প্রাগের বিভিন্ন পোস্টকার্ডে এই ভবনের ছবি থাকে। এএফপি
